যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তিনি বিভিন্ন ভবন, প্রকল্প ও নীতির সঙ্গে নিজের নাম যুক্ত করছেন, কারণ তিনি চলে গেলে আর কেউ তা করবেন না বলে মনে করেন।
সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনের সাংবাদিক বেন টেরিসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ডেমোক্র্যাট সিনেটর জন অসফের মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটা সত্য। আমি চলে গেলে কেউ এটা করবে না।’
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্মাণ ও সংস্কার প্রকল্প নিয়ে বিতর্ক চলছে। এসব প্রকল্পের মধ্যে কিছুতে সরাসরি তার নাম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে বিরোধীরা সমালোচনা করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ নিয়ে একাধিক মামলা চলছে। এর মধ্যে কেনেডি সেন্টার ও এর ক্যাম্পাসের নাম পরিবর্তন করে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগ রয়েছে।
ট্রাম্পের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি হলো হোয়াইট হাউসের পূর্ব উইংয়ের জায়গায় বিশাল একটি বলরুম নির্মাণ। প্রকল্পটি নিয়ে আদালতে আইনি লড়াই চলছে, তবে সুপ্রিম কোর্ট নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
৮০ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ পার করছেন। তিনি সাম্প্রতিক সময়ে নিজের জীবন ও মৃত্যুর বিষয়েও প্রকাশ্যে ভাবনার কথা বলেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে
অনলাইন ডেক্স 






















