প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে জীবনযাপন করে আসছে। তবে কিছু মানুষ বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকামী জনগণের অধিকার কেড়ে নিয়ে এক নিষ্ঠুর শাসক জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা দীর্ঘ সময় ধরে চলেছিল।
তিনি বলেন, 'সংখ্যালঘু' কিংবা 'সংখ্যাগুরু' পরিচয় নয়, বরং সবাইকে বাংলাদেশী হিসেবে ভাবতে হবে। রাষ্ট্র ও সমাজে বিভেদ সৃষ্টি না করার জন্য সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় এবং নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নাগরিকদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'এই দেশ আপনার আমার সকলের। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান।' অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























