প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত স্বৈরাচারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)কে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল। তিনি আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দীর্ঘদিনের জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, এসব কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে এবং চলমান সাতটি কূপের খনন শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে। নতুন গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বাপেক্সকে শক্তিশালী করতে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের মাধ্যমে গ্যাস পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আলোচনা চলছে এবং ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 
























