চিত্রনায়িকা অপু বিশ্বাস নেপাল থেকে দেশে ফিরেছেন। তিনি সেখানে ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অভিনয় করছেন।
নেপালে অবস্থানকালে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ে। সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই প্রতিকূল অবস্থার মধ্যেই শুটিং শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নেয় ‘শিকার’ সিনেমার পুরো টিম।
আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, “আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার।”
এদিকে, একই দুর্যোগের কারণে নেপালে আটকে গেছেন অভিনেতা তাসরিফ খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান, দেশে ফেরার জন্য যে সড়কটি ব্যবহার করার কথা ছিল, বন্যার কারণে সেটি ধসে পড়েছে। ফলে আপাতত সেখানে থেকে বের হওয়ার সুযোগ নেই।
তাসরিফ তার ও বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। নেপালের বিভিন্ন অঞ্চলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরার বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনলাইন ডেক্স 























