কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
অপর ছয় আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব এবং সাবেক সেনা কর্মকর্তা আশিকুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন— মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২৬ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
এদিকে, আজকের শুনানিতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ হাজির হন। এছাড়া আগেই গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম ও কর্নেল আনোয়ার লতিফকেও হাজির করা হয়। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বাকি ৭ আসামি হাজির না হওয়ার কারণে তাদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দেয় ট্রাইব্যুনাল। উল্লেখ্য, একরামুল হক ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
অনলাইন ডেক্স 
























