মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি ও পুলিশ কর্তৃক জব্দ করা ১৪টি ভারতীয় মহিষের মধ্যে ৯টি মহিষ গায়েব হয়েছে। তিনজন বিএনপি নেতার স্বাক্ষরিত জিম্মানামা থাকা সত্ত্বেও এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে।
জিম্মানামায় স্বাক্ষরকারী তিনজন হলেন রফিকুল ইসলাম রফিক, দুলাল আহমদ এবং হেলাল আহমেদ। গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি ও বড়লেখা থানা পুলিশের উপস্থিতিতে ১৪টি মহিষ যাচাই-বাছাইয়ের জন্য তাদের জিম্মায় দেওয়া হয়। অঙ্গীকারনামায় উল্লেখ ছিল, যাচাই-বাছাই শেষে সুরাহা না হওয়া পর্যন্ত মহিষগুলো তাদের হেফাজতে থাকবে।
কিন্তু আজ যৌথ অভিযানে গিয়ে ১৪টির মধ্যে মাত্র ৫টি মহিষ পাওয়া যায়। এ বিষয়ে জিম্মাদার রফিকুল ইসলাম একটি ভিডিওতে বলেন, তিনি আশাবাদী যে মহিষগুলো উদ্ধার হবে এবং তাদের দায়বদ্ধতা রয়েছে।
রফিকুল ইসলামের বক্তব্যে গায়েব হওয়া ৯টি মহিষ অন্যত্র সরিয়ে রাখার বিষয়টি ইঙ্গিত করে, যা জিম্মানামার শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
বড়লেখা থানা পুলিশ জানায়, গায়েব হওয়া ৯টি মহিষ উদ্ধারে অভিযান চলছে এবং জিম্মানামায় স্বাক্ষরকারী তিনজনের বিরুদ্ধে বিজিবি অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অনলাইন ডেক্স 

























