বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার — সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয় সংসদে এ বিষয়টি অবহিত করেছেন।
মন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায় যে, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে তারা বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য আহ্বান জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই দিন তথ্য ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধটি পাঠানো হয়। তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না।
মন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি জানান, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে।
মন্ত্রী বলেন, প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সরকার সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে। তিনি জানান, বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এ বিষয়ে কাজ করছে। যাচাই বিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদকে অবহিত করার নির্দেশনা দেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বিষয়টি অবহিত করেন।
অনলাইন ডেক্স 






















