ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাণিজ্যিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জন বাংলাদেশী নাগরিক ছিলেন। তারা উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিক তথ্য নিশ্চিত হয়েছে। এই ঘটনা কলকাতা ও বাংলাদেশে শোকের ছায়া ফেলেছে।
আজ বুধবার ভোর ৩টার দিকে নিউ মার্কেটের কাছে হোটেলটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। পরে শুরু হয় উদ্ধার অভিযান।
পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালান এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এক পুলিশ কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে।’
কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে, যেখানে অন্তত ৮ জন নিহত হন।
অনলাইন ডেক্স 

























