চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার বিরুদ্ধে খাল ভরাট করে অবৈধ ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই নির্মাণের ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নিয়মনীতি অমান্য করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কারখানার কর্তৃপক্ষ সরকারি অনুমতি ছাড়াই সড়কের জায়গা দখল করে যাত্রী ছাউনি এবং অপ্রোচ রোড নির্মাণ করছে, যা বর্ষাকালে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি করছে।
এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার কর্তৃপক্ষ যাত্রী ছাউনির নির্মাণ কাজ প্রায় অর্ধেক সম্পন্ন করেছে, যা সাধারণ যাত্রীদের চেয়ে কারখানার শ্রমিকদের ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, যাত্রী ছাউনি নির্মাণের জন্য কোনো অনুমতি প্রদান করা হয়নি। তবে ব্রিজ নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করা হয়েছিল এবং অনুমতি দেওয়া হয়েছিল। সওজ থেকে অনুমতি না নেওয়ার বিষয়টি জানিয়ে সওজ কাজটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
সওজ এর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এন মোহাম্মদ প্লাস্টিক কারখানা আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। তারা পৌরসভা থেকে কিছু অনুমোদন নিয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি তাদের জানা ছিল না।
এন মোহাম্মদ প্লাস্টিকের মালিক নজরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কারখানাটির বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ ও আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শ্রমিকেরা ১৩ দফার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
অনলাইন ডেক্স 

























