কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পর্শে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ঘরের পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। ওই গাছের ঠিক ওপর দিয়েই গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার। ডাল কাটার একপর্যায়ে একটি কাঁচা ডাল তারের ওপর পড়ে। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং তিনি ছিটকে পড়ে যান।
নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুরের দিকে রাশেদা গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।
হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অনলাইন ডেক্স 
























