চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উত্তর বাউরিয়া উপকূলীয় এলাকায় জাতীয় গ্রিডের সাবমেরিন বিদ্যুৎ ক্যাবলের একটি অংশ আবারও উন্মুক্ত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিও ব্যাগ জোয়ারের তীব্র স্রোতে সরে যাওয়ায় নতুন করে প্রায় ৩০ ফুট ক্যাবল উন্মুক্ত হয়েছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ও দ্বীপাঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে নদীভাঙনের কারণে সাবমেরিন ক্যাবলের একটি অংশ উন্মুক্ত হয়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গত মাসের মাঝামাঝি সময়ে পাউবো ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। তবে দেড় মাস পর জোয়ারের তীব্র স্রোতে জিও ব্যাগগুলোর বেশির ভাগ স্থানচ্যুত হয়ে গেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে নদীপথে চলাচলকারী নৌযানের প্রপেলারের আঘাতে ক্যাবল ছিঁড়ে যেতে পারে, যা সন্দ্বীপের বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এছাড়া, নৌযানে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
২০১৮ সাল থেকে দুটি কেবল দিয়ে দ্বীপটিতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। তবে বর্তমানে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা জানান, স্থায়ীভাবে তীর সংরক্ষণ ও ক্যাবল সুরক্ষার ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং পাউবোকে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অনলাইন ডেক্স 























