রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ জানান, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দল্লা আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএসপিআই কর্তৃপক্ষ এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে। তদন্ত টিমের আহবায়ক হিসেবে অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে নিযুক্ত করা হয়েছে। ক্যাম্পাসে বর্তমানে পর্ব সমাপনী পরীক্ষা চলমান রয়েছে এবং ঘটনার পর সতর্কতা জোরদার করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























