রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আটজনের জড়িত থাকার তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার (১৪ আগস্ট) গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৩ লাখ টাকা রুবেলের ভাড়া বাসা থেকে এবং ৯ লাখ টাকা সাগরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃতরা বিভিন্ন তথ্য প্রদান করেছে।
তিনি আরও বলেন, মূল হোতা এখনও পলাতক রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
অনলাইন ডেক্স 




















