সৌদি আরবের মরুভূমিতে ১০০ বছর পর আবারও ফিরে এসেছে অনাগার, যা বন্য গাধার একটি প্রজাতি। সম্প্রতি, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভে একটি পুরুষ শাবক জন্ম নিয়েছে।
শাবকটির জন্ম ২০২৫ সালের জুনে হয়েছে। তবে প্রথম বছরটি অনাগার শাবকদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। সম্প্রতি শাবকটি নিরাপদে প্রথম ১২ মাস পার করার পর তার জন্মের খবর প্রকাশ করা হয়।
রিজার্ভের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জালুমিস বলেন, "হাজার বছর আগে আরবের কবিতায় যে প্রাণীর প্রশংসা করা হতো, প্রায় ১০০ বছর পর সেই প্রাণী আবার সৌদির মরুভূমিতে ফিরেছে।" তিনি জানান, এটি প্রকৃতি ও ঐতিহ্য ফিরে পাওয়ার একটি গল্প।
অনাগার ফিরিয়ে আনার কাজ শুরু হয় ২০২৪ সালে, যখন জর্ডানের শওমারি ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে সাতটি অনাগার সৌদি আরবে আনা হয়। বর্তমানে রিজার্ভে পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ অনাগার রয়েছে, এবং আরও দুটি স্ত্রী অনাগার গর্ভবতী।
অনাগার বর্তমানে বিপদের মধ্যে থাকা একটি প্রাণী। বন্য পরিবেশে এদের সংখ্যা ৬০০টিরও কম বলে ধারণা করা হয়। ২০২৫ সালে আইইউসিএন প্রাণীটির এই উপপ্রজাতিকে ‘চরম বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। সৌদি আরবের ‘রিওয়াইল্ড অ্যারাবিয়া’ কর্মসূচির মাধ্যমে আরও ২৩টি স্থানীয় প্রজাতিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 




















