নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের (এনজেডটিই) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব খাতে যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগের সুযোগ তুলে ধরা হয়।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে এনজেডটিই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির মার্কেট ম্যানেজার র্যাচেল ম্যাকগাকিয়ানসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এনজেডটিই’র দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া দলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি তিনটি প্রস্তাব দেওয়া হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান।
বর্তমানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আমদানিতে দুগ্ধজাত পণ্য ও ধাতব পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে রপ্তানির পরিমাণ প্রায় ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রধানত তৈরি পোশাকের ওপর নির্ভরশীল।
বৈঠকে বাংলাদেশের অ-পোশাক রপ্তানি খাত সম্প্রসারণে নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সহযোগিতা কামনা করা হয়। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পরিবেশবান্ধব পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, টেকসই বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন বিনিয়োগ সুবিধার কথা উল্লেখ করা হয়। এছাড়া, নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়।
অনলাইন ডেক্স 






















