হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটি ভারতের মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখারও দাবি করেছে।
আজ রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় হেফাজতের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
হেফাজতের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমানের সই করা লিখিত দাবিতে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে আইন পাসের দাবি করা হয়েছে। এছাড়া কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করার আহ্বান জানানো হয়েছে।
দাবিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি করা হয়েছে।
হেফাজত কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমানের স্বীকৃতি এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। এছাড়া কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করার দাবি করা হয়েছে।
সবশেষে, সংগঠনটি তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা উল্লেখ করে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি জানায়।
অনলাইন ডেক্স 
























