১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে গোল দেওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। এই গোলটি পরে ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
চলতি মাসে যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে সেই গোলের সাক্ষী বলটি। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির আশা, বলটির দাম আট অঙ্কে, অর্থাৎ কমপক্ষে ১ কোটি ডলারে (প্রায় ১২৩ কোটি টাকা) পৌঁছাবে। নিলামে বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার, যা প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।
হেরিটেজ অকশনস’-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমার মনে হয় এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল।’ তিনি আরও জানান, ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এই বল দিয়েই।
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা দুটি অবিস্মরণীয় গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত।
সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও পরে ইতিহাস গড়েছে। নিলামে সেই জার্সির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১৫ কোটি টাকা। ফুটবলে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।
অনলাইন ডেক্স 

























