নীলফামারীর সৈয়দপুরে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে পরীক্ষা কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আন্নাবিউল উম্মি। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন।
আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রসব ব্যথা শুরু হলে উম্মিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রসবের পর তিনি পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে দুপুরে তিনি পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্ধারিত পরীক্ষায় অংশ নেন।
আন্নাবিউল উম্মি বলেন, ‘অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি।’ তিনি সকলের কাছে নিজের ও নবজাতক সন্তানের জন্য দোয়া চান।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, পরীক্ষার্থীর পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ উপহারও দেওয়া হয়।
অনলাইন ডেক্স 

























