কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের মরদেহ। নিহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) ৫নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। আজ শনিবার সকাল ৮টার দিকে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা তাকে খুঁজতে বিভিন্ন স্থানে যান এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শৌচাগারের দিকে গেলে সেটি ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পর জানালা দিয়ে ভেতরে কাউকে পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর পেয়ে ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা এসে রুবেলকে অচেতন অবস্থায় মেঝেতে দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
শৌচাগারের ভেতর থেকে রুবেলের ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজুল আমিন জানান, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 























