লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দরবেশপুর ইউনিয়নে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, হারুন ও ইউছুফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা একটি মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 
























