নেত্রকোনার বড় বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মজুমদার কসমেটিক্স দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পুলিশের চারটি দলও মোতায়েন রয়েছে।
স্থানীয়দের মতে, আগুন দ্রুত আশপাশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এক ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আগুনের কারণে আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিজেদের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এর উৎপত্তির কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 
























