বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, উন্নত আবাসন ও হাসপাতালসহ আধুনিক সুবিধা নিশ্চিত করে নাটোরকে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, সারা দেশে পর্যটন কেন্দ্র বিকাশে সরকারের মহাপরিকল্পনার সূচনা নাটোর থেকেই হচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেট মিটিং করেছেন।
মন্ত্রী জানান, সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে এসব কেন্দ্রের উন্নয়ন করা হবে। তিনি বলেন, নাটোরের মতো সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী জায়গা উত্তরবঙ্গে আর নেই, তাই এখান থেকেই কাজ শুরু হচ্ছে।
নাটোরে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে ভালো মানের থাকার জায়গা ও মেডিকেল কলেজের অভাব রয়েছে। মন্ত্রী বলেন, নাটোরকে এমন একটি হাবে পরিণত করতে চান, যেখানে পর্যটকদের থাকা, খাওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা থাকবে।
মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা কামনা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের পর্যটন স্থানগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তাকে দিয়েছেন।
অনলাইন ডেক্স 

























