সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ আগস্ট) সকাল থেকে ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরের পৌর এলাকার ভবানীপুর-বৈধাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন কয়েকজন বাসিন্দা।
দুর্ঘটনার সময় নৌকাটি বৈধাখালী এলাকায় পৌঁছালে ডুবে যায়। নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, দুর্ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
অনলাইন ডেক্স 


















