বগুড়ার তিন উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং কৃষক লীগের দুইজন নেতা রয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইকান্দর এলাকা থেকে শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হান্নান। তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তোফাজ্জল হোসেনকেও একই মামলায় আসামি করা হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, বিশেষ অভিযানে বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়। তিনি ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি।
এছাড়া, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় বুধবার রাতে তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফুর রহমান দুলাল (৫২), সুমন (৩৬) এবং সোহেল তালুকদার (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অনলাইন ডেক্স 














