জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এটি জাতির অর্জন।
মন্ত্রী আরও বলেন, জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। তিনি বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, বিএনপি ১৭ বছর সংগ্রাম করে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।
ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















