বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের টয়লেট থেকে নার্স হাসিনা খানম রিক্তার (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ‘রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের’ টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে টয়লেটের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকা হাসিনাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিনা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।
রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি জানান, নার্স টয়লেটে দীর্ঘ সময় ধরে না আসায় ডাকাডাকি করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। হাসিনার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
হাসিনার স্বামী জসিম হাওলাদার জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নার্সের মৃতদেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























