ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট)-এর গর্তে মেরামতের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে হবিরবাড়ী এলাকায় অবস্থিত ‘এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রুমেল (২৫) এবং খুলনা জেলার কয়রা উপজেলার শফিকুল ইসলাম (২৮)। ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ইটিপি প্ল্যান্টে মেরামতের কাজ চলাকালে রুমেল একটি গর্তে নামেন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নিচে নামেন শফিকুল ইসলাম। উদ্ধার করতে গিয়ে তিনিও অচেতন হয়ে পড়েন।
পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েছিলেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অনলাইন ডেক্স 























