কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দ্রুত সংস্কারকাজ শুরুর পাশাপাশি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে তিনি উপজেলার মেহেরনামা, উজানটিয়া ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙা বেড়িবাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা উদ্বেগজনক। ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে।
পরে তিনি পেকুয়া উপজেলা পরিষদ মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
অনলাইন ডেক্স 





















