নরসিংদীর রায়পুরায় নদীতে ডুবে চার শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামাচর বিলে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এই দুই শিক্ষার্থীসহ ৪/৫ জন মিলে বাড়ির সামনে নামারচর বিলে গোসলে নামে। এসময় তারা দু’জনেই পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্যান্য শিশুরা আশেপাশের লোকজনদের ডেকে আনলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে গোসলে নেমে চার শিশুর মৃত্যু হয়। তারা সকলেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
অনলাইন ডেক্স 






















