বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া উত্তাল সাগরের কারণে আরও পাঁচটি মাছধরা ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে চর বিজয়সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়, যার মধ্যে ছয় জেলে ছিলেন। ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি পাঁচ জেলের খোঁজ পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলেকে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর ১৬ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে, গত রোববার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার এমদাদুল সিকদারের মালিকানাধীন আরেকটি মাছধরা ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। এই ঘটনায় পাঁচ জনকে উদ্ধার করা হলেও ছয় জেলের সন্ধান মেলেনি।
গলাচিপার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
অনলাইন ডেক্স 






















