চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে অবস্থিত কেএসআরএমের তিনটি শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। তিনি শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (০৭ জুলাই) পুলিশ সুপার কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (রোলিং), কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (মেল্টিং) এবং কেএসআরএম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি উৎপাদন কার্যক্রম, কারখানার নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং শ্রমিকদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার পরিদর্শনের পর কারখানার ব্যবস্থাপনা পর্ষদ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় শ্রমিকদের কল্যাণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, শিল্পখাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাই স্থিতিশীল পরিবেশ বজায় রাখা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএম শিল্প গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ারুল আজীম মজুমদার এবং অন্যান্য কর্মকর্তাগণ।
অনলাইন ডেক্স 





















