আগামী পাঁচ বছরে সারা দেশে তিন লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ কোটি গাছ রোপণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানান। তিনি বলেন, স্যাটেলাইট, জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি এবং জাতীয় ট্রি ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি গাছের অবস্থান ও টিকে থাকার হার পর্যবেক্ষণ করা হবে।
মন্ত্রী জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন। এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ বলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে বন অধিদপ্তর দেশের বৃক্ষহীন এলাকায় ১ কোটি ৫০ লাখ দেশীয় প্রজাতির চারা রোপণ করছে। ইতোমধ্যে ৮৩ লাখ ৩২ হাজার চারা রোপণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৭ শতাংশ।
মন্ত্রী পরিবেশ দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২৩ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















