ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ক্লিন কেয়ার’ নামে একটি ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এই অ্যাপের উদ্বোধন মঙ্গলবার (০৭ জুলাই) নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
ডিএসসিসি জানিয়েছে, ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর অ্যাপে দেখা যাবে। নাগরিকরা অভিযোগের বিপরীতে গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হলে সেই প্রতিক্রিয়াও জানাতে পারবেন।
সেবাটি পেতে গুগল প্লে-স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, বর্তমান বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি সৃষ্টি হচ্ছে এবং কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহন প্রয়োজন তা নির্ণয় করা সম্ভব হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।
অনলাইন ডেক্স 




















