মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠি পাঠিয়েছেন। এই চিঠি ৪ জুলাই, শনিবার লেখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের প্রেস উইং এ তথ্য প্রকাশিত হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই।" তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও উন্নতির পথে এগিয়ে যাবে।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের প্রেক্ষাপটে বলেন, "আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ ও ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্বজুড়ে মানুষের সেবা করছে।" স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রার মূল্যবান বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যমে শক্তিশালী হয়েছে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠির শেষে প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মার্কিন জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।
অনলাইন ডেক্স 






















