জামায়াতে ইসলামী দেশের ৮টি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে। দলটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর ভিপি সাদিক কয়েমের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়ায্জম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বারের নামও রয়েছে।
দলীয় সূত্র জানায়, এসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে সামাজিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটিতে পরিচ্ছন্নতা ও সবুজায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছেন, অন্যদিকে সাদিক কয়েমও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। এসব সিটিতে প্রার্থী নিয়ে আলোচনা চলছে। জামায়াতের নেতারা দাবি করেছেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের ভালো ফলের কারণে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করার সম্ভাবনা রয়েছে।
অনলাইন ডেক্স 























