ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধবিরতির অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত পূরণ না করে, তাহলে তেহরান উপযুক্ত জবাব দেবে। তিনি এ তথ্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনারের মাধ্যমে জানিয়েছেন।
গালিবাফ বলেছেন, "আমরা চুক্তির পূর্ণ বাস্তবায়ন জোরালোভাবে দাবি করছি।" তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে জানান যে, যদি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হবে।
ইরানের আলোচক দলের প্রধান হিসেবে গালিবাফ যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে ইরানের মোকাবিলা করার অক্ষমতা সম্পর্কে জানান। তিনি ইসরায়েলের হুমকিকে 'ভিত্তিহীন প্রচারণা' বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ব্যর্থ হয়েছে।
এদিকে, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনোলরেজা ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি তেহরান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। শুক্রবার (৩ জুলাই) তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।
ইবনোলরেজা বলেন, "বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই।" তিনি আরও জানান, চুক্তির কোনো লঙ্ঘন হলে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
অনলাইন ডেক্স 























