স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, "খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের ও অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা।" তিনি তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে এবং ভালো ব্যবসার দিকে নজর দিতে উৎসাহিত করেন।
মন্ত্রী বলেন, ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, এই প্রযুক্তি কৃষকদের সেচ খরচ কমাতে এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।
উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, "বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।" তিনি সরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত এলাকায় বিস্তৃত করার আশা প্রকাশ করেন।
মন্ত্রী অনুষ্ঠানে সোলার সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উদ্ভাবনকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনলাইন ডেক্স 





















