সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি। যারা জুলাই-আগস্টে আত্মহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এইটা নিয়ে ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে হ্যা ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে।
আদিলুর রহমান আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নেও সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে। আগামী ১২ তারিখে গণভোটে ‘হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায় থেকে পছন্দমতো প্রার্থী নির্বাচিত করে সংসদ নির্বাচনে পাঠাবে।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা ইতিহাস রচনা করেছে। নির্বাচনের অনুষ্ঠানিক প্রচারণার আর মাত্র দুই দিন বাকি। এরপর সারাদেশ গণভোট, জুলাই সনদ, গণঅভ্যুত্থানের পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়িয়ে যাবে।
ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যরাও পলাতক অবস্থায় রয়েছে। কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার আহবায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাই যুদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। পরে জেলায় কর্মরত এনজিও প্রতিনিধিদের ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত সভায় অংশ নেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে।
অনলাইন ডেক্স 



















