জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য — আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ বেশি দেখানো হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
ড. তিতুমীর বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত বয়ান তৈরি করেছিল। এটি ছিল পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়া হয়। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউই গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে তা পর্যালোচনা করা হয়।
ফরেনসিক অডিটের ফলাফল তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি খাতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা পাওয়া যায়নি, বরং দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলোতে তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল।
তিনি উদাহরণ দিয়ে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ক্ষেত্রে আইবাস চালুর আগে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য পাওয়া যায়নি। একইভাবে পেট্রোলিয়াম খাতে একসময় উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর হঠাৎ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বিশ্লেষণের সময় কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত বাদ দিয়েছেন।
তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে ড. তিতুমীর বলেন, এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন বা মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম গরমিল সহজেই শনাক্ত করা সম্ভব। যেসব খাতে স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ কম, সেসব ক্ষেত্রেই পরিকল্পিতভাবে তথ্যের কারসাজি করা হয়েছে।
রপ্তানি তথ্যের অসংগতি তুলে ধরে তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশের অপেক্ষা না করে ইতিমধ্যে তথ্য সংশোধন ও সঠিক তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিসংখ্যানের মানোন্নয়নে সরকারের উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জিডিপির হিসাব করা হয়। এর পাশাপাশি আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে। ইনপুট-আউটপুট টেবিল তৈরির জন্য অভিন্ন টেমপ্লেট প্রণয়নের উদ্যোগও নেওয়া হবে।
ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশের পরিকল্পনার কথা জানিয়ে তিতুমীর বলেন, দ্বিতীয় প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশের লক্ষ্য রয়েছে। তবে তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির সীমাবদ্ধতার কারণে এখনো তা সম্ভব হচ্ছে না। এ জন্য জরিপের মান ও তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নত করা জরুরি।
পরিসংখ্যানের তথ্য সবার জন্য উন্মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষক ও সাধারণ মানুষের সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার উন্মুক্ত তথ্যনীতি চালুর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে খসড়া নীতি তৈরি হয়েছে। জিডিপির হিসাব আরও নির্ভুল করতে তথ্যের উৎস ও পদ্ধতি উন্মুক্ত রাখা প্রয়োজন, যাতে গবেষকেরা তথ্য যাচাই, প্রশ্ন উত্থাপন ও সংশোধনের পরামর্শ দিতে পারেন।
ড. তিতুমীর বলেন, নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। আমাদের কাছে জিডিপি শুধু একটি সংখ্যা নয়, রাজনৈতিক হাতিয়ারও নয়। জিডিপির সত্যতা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা সরকারের নয়। এটি জনগণের।’
ফরেনসিক অডিট তৈরিতে গবেষকদের অবদানের প্রশংসা করে উপদেষ্টা বলেন, তারা কোনো সম্মানী ছাড়াই দিনরাত পরিশ্রম করে এ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় সরকার তাদের পাশে রয়েছে।
অনলাইন ডেক্স 






















