ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার কারণে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড বেড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) লেনদেনের শুরুতে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ২ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ১২৭১ শতাংশে পৌঁছেছে।
একই সময়ে ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ৩ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৪৬০২ শতাংশ হয়েছে। তবে স্বল্পমেয়াদি সুদহার পরিবর্তনের বিষয়ে বেশি সংবেদনশীল দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৫২৫ শতাংশে নেমেছে।
বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১৩ বেসিস পয়েন্টের বেশি বেড়ে ৫ শতাংশ ছাড়িয়ে যায়। একই দিনে দুই বছর মেয়াদি বন্ডের ইল্ডও ১৫ বেসিস পয়েন্টের বেশি বৃদ্ধি পায়।
বাজারের তথ্য অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনাকে শতভাগ ধরে লেনদেন করছেন ট্রেডাররা। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ এবং ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ।
এদিকে, জ্বালানির দাম ও মূল্যস্ফীতি পরিস্থিতিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার আশঙ্কা কমে আসায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দাম কমার পথে রয়েছে। শুক্রবার লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ডিসেম্বর সরবরাহের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬৩ ডলারে নেমেছে।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ১১ ডলার হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অক্টোবর মাসের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের কথা রয়েছে। পাইকারি পর্যায়ের মূল্যস্ফীতির এই সূচক অক্টোবরে ০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরে সূচকটি ১ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।
অনলাইন ডেক্স 























