শীতের সবজির সরবরাহ বাড়ায় — রাজধানীর কাঁচাবাজারে শীতের মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো সবজির দাম আগের তুলনায় কমেছে। নতুন আলু ও কাঁচা মরিচের দামও নেমেছে। তবে সব পণ্যের ক্ষেত্রে এই স্বস্তি নেই, বিশেষ করে দেশি টমেটো ও বেগুনের দাম এখনও চড়া অবস্থানে রয়েছে।
বর্তমানে বাজারে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, এবং প্রতি কেজি মুলার দাম ৪০ থেকে ৫০ টাকা। শিমের দাম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, বেগুন কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। বিক্রেতাদের মতে, শীতের সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে, এবং মুলার ক্ষেত্রে দাম কমেছে সর্বোচ্চ ২০ টাকা।
নতুন আলুর বাজারে প্রবেশের ফলে দামেও পরিবর্তন এসেছে। দেড় সপ্তাহ আগে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা, যা বর্তমানে ১২০ টাকায় নেমেছে। পুরোনো আলুর দাম ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ফলে দুই ধরনের আলুর মধ্যে বড় ব্যবধান রয়েছে।
কাঁচা মরিচের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। আগে প্রতি কেজি মরিচের দাম ছিল ১২০ টাকা, যা এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটোর বাজারে এখনও স্বস্তি নেই। নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করলেও সরবরাহ কম থাকায় প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা টমেটোর দাম কিছুটা কম, কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকা।
অন্যান্য সবজির মধ্যে ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের বাজারে পালংশাক ও লালশাকের আঁটি ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজারে কয়েকটি সবজির দাম কমায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাদের মতে, সব ধরনের সবজির দাম না কমায় বাজার খরচে বড় কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে টমেটো ও বেগুনের মতো পণ্য কিনতে এখনো বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। ক্রেতারা বলছেন, কয়েক দিন আগেও ফুলকপি, মুলা ও কাঁচা মরিচ কিনতে তুলনামূলক বেশি টাকা লাগত, কিন্তু এখন এসব পণ্যের দাম কমেছে।
বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারে যে দামে সবজি কিনতে হচ্ছে, তার ওপর ভিত্তি করেই খুচরা দাম নির্ধারণ করতে হচ্ছে। ফলে সব পণ্যের দাম একসঙ্গে কমার সুযোগ নেই। যেসব সবজির সরবরাহ বাড়ছে, সেগুলোর দাম কমছে, অন্যদিকে সরবরাহ কম থাকা পণ্যগুলোর দাম তুলনামূলক বেশি থাকছে।
বিক্রেতাদের মতে, বাজারে শীতের সবজির পরিমাণ বেড়েছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলা বেশি আসছে। এ কারণে এসব পণ্যের দাম কমেছে। নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে এবং দাম তুলনামূলক কমে এসেছে।
অনলাইন ডেক্স 





















