বিদেশে চিকিৎসার জন্য ডলার — বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসার প্রয়োজনে এখন থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।
সোমবার (৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এর আগে, বিদেশে চিকিৎসার জন্য পূর্বানুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার খরচের সুযোগ ছিল। এর বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।
এদিকে, একই সার্কুলারে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচের জন্য বিদেশে ডলার পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না।
পাশাপাশি বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সের খরচ মেটাতেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ডলার পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের উপস্থিতিতে সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনী আগামী বছরের ২২ থেকে ২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানান, বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
সাও পাওলোর প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টসে চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’র ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আয়োজনে অংশ নিতে স্টল নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি দিতে হবে ১ লাখ ৮০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বিবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
বিবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
এক্সপোতে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, গৃহসজ্জার বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল পণ্যসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।
অন্যদিকে বাংলাদেশে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও পশুখাদ্যের উপাদানসহ কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। দুই দেশের এ পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন আয়োজকেরা।
বিবিসিসিআই জানায়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশের উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হবে।
এক্সপোতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীদের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করা যাবে। এরপর ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত চলবে নিয়মিত নিবন্ধন।
সংবাদ সম্মেলনে বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকেরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা ব্রাজিল ও লাতিন আমেরিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ পাবেন।
অনলাইন ডেক্স 
























