অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক — অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশীয় পয়েন্ট।
বিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে তেমন স্বস্তি আসেনি।
অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
গ্রাম ও শহর উভয় জায়গাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।
শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে। তবে শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে।
বিবিএসের হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কমেছে।
কৃষি, শিল্প ও সেবা খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৬২ শতাংশ এবং সেবা খাতে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে সাধারণ মানুষকে বাড়তি খরচ সামলাতে চাপের মধ্যে থাকতে হচ্ছে।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। মজুরি বৃদ্ধির হিসাব করা হয় ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে।
অনলাইন ডেক্স 
























