ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও হামলার অভিযোগে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
বিক্ষোভ সমাবেশে তিনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, কমিশন নির্বাচনে সন্তুষ্টির দাবি করছে। তিনি বিএনপিকে জাতির জন্য আপদ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কর্মকাণ্ডের ফলে জনগণের বিপদ বাড়ছে।
এটিএম আজহার আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরছেন। তিনি দাবি করেন, দেশকে এগিয়ে নিতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় বিএনপি ভোট চুরি করেছে এবং ফলাফলে অসঙ্গতি রয়েছে। তিনি উল্লেখ করেন, দুপুর দুইটা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট কাস্ট হলেও ফলাফল ঘোষণায় ৬৪ শতাংশ ভোট পড়েছে।
সমাবেশে জামায়াতের উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন হয়ে বিজয়নগর পর্যন্ত মিছিল করা হয়।
অনলাইন ডেক্স 



















