বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিকে ‘খুবই উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। তিনি সরকারের বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিলের কারণে এ খাত সংকটে পড়েছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা খরচসহ নানা কারণে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মুখোমুখি। জামায়াত আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক নয়, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও শ্রমিক উভয় পক্ষকে রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে এবং এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
অনলাইন ডেক্স 



















