ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় মহাঅষ্টমীর সন্ধ্যায় তন্ত্রসাধনার নামে স্ত্রী ও বাবাকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত মঙ্গল চৌধুরী তার স্ত্রী রম্পা চৌধুরী এবং বাবা রাজেন্দ্র চৌধুরীকে কুঠার দিয়ে গলা কেটে হত্যা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মঙ্গল নিজের একটি আঙুল কেটে রক্ত স্ত্রীর কাটা মাথায় মেখে দেন। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তমাখা মাথা নিয়ে মন্দিরের দিকে যেতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। সোনামুখী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং বাবার লাশ উদ্ধার করে। হত্যায় ব্যবহৃত কুঠারটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশকে জানান, মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিপূজার মাহেন্দ্রক্ষণে তন্ত্রসাধনার অংশ হিসেবে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আঙুলের চিকিৎসার পর বাঁকুড়া আদালত পুলিশকে অভিযুক্তের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় মন্দিরের পুরোহিতকে খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে। দুর্গাপূজার সময় দেবী দুর্গার চণ্ড ও মুণ্ডকে বধ করার প্রথা থাকলেও আধুনিককালে তা প্রতীকি সবজি বলির মাধ্যমে সম্পাদিত হয়।
অনলাইন ডেক্স 























