গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও সমমনা প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। জিলানী বলেন, ‘আমরা যাকে প্রার্থী করব, তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমিও চেয়ারম্যান যদি এক হই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করতে সহজ হয়ে যাবে।’
জিলানী আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে এবং যোগ্য চেয়ারম্যান নির্বাচিত না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তিনি সকলের প্রতি আহ্বান জানান যে, নির্বাচনে ভালো ও যোগ্য মানুষকে প্রার্থী করা হবে এবং তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি।’
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ ও মানিকুজ্জামান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























