পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরু হওয়ার মাত্র এক মিনিট পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে আসে। তবে সংশ্লিষ্টরা জানান, পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম জানান, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অনলাইন ডেক্স 

























