মাদ্রাসার শিক্ষকদের শারীরিক ও মানসিক চাপ কমাতে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘মাথা গরম ছুটি’ প্রস্তাব করেছেন বগুড়ার মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন।
তিনি বলেন, শিক্ষকদের মেজাজ খিটখিটে বা উত্তেজিত থাকলে ক্লাসে পাঠদান থেকে বিরত থাকতে হবে। এজন্য সাধারণ ছুটির বাইরে বিশেষ এই ছুটির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মুফতি মনোয়ার হোসেন অন্য এক মাদ্রাসার মুহতামিমের উদাহরণ তুলে ধরেন। ওই মুহতামিম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘যদি কখনো মাথা গরম হয়, আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার ছুটি দেওয়া হবে।’
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই মুহতামিম হুঁশিয়ারিও দিয়েছেন। মুফতি মনোয়ারের পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘যদি কখনো আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্রের শরীরে ব্যাড টাচ করেন তবে আপনার হাত-পা কেটে নেব।’
মুফতি মনোয়ার হোসেন দেশের সব মাদ্রাসার মুহতামিমদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ রাখবেন। প্রয়োজনে যাতায়াত ভাড়া দেবেন, আল্লাহ তা’আলা বরকত দেবেন।’
অনলাইন ডেক্স 























