জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজু আরাফাত।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক চপল রহমান নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক আরাফাত রাজু বলেন, ‘এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।’
সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























